বাগেরহাটের কচুয়া উপজেলা থেকে ৫২ হাজার ৫’শ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর রাতে পুলিশ উপজেলার মাদারতলা ও বেশরগাতি এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের ফজর আলী সেখ (৩৫) ও পাশ্ববর্তী বেশরগাতি গ্রামের বনি আমীন (১৯)।
বাগেরহাটের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাদারতলা এলাকা থেকে বনি আমীনকে প্রথমে একটি ৫০০ টাকার জাল নোটসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী বেশরগাতি এলাকায় ফজর আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৫২ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মধ্যে ১৮টি এক হাজার টাকা ও ৬৯টি ৫০০ টাকার নোট রয়েছে। এ ঘটনায় কচুয়া থানায় মামলা হয়েছে।
