লালপুরে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১২:৫৮

নাটোরের লালপুরে শরিফুল ইসলাম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পালিদহ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। শরিফুল বাঘা থানার বাওসা গ্রামের মৃত সামসুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা মঙ্গলবার রাতের কোন এক সময় শরিফুলকে হত্যা করে একটি বিদ্যুতের খুঁটির গোড়ায় গর্ত করে মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে করে বুক পর্যন্ত মাটিতে পুতে রাখে। সকালে এলাকার লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, শরিফুল ঈশ্বরদী শহরে ভাড়া বাড়িতে থেকে একটি হার্ডওয়্যার দোকানের বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করতেন। গতকাল রাত তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। কিছুদিন ধরে একজন পাওনাদারের সাথে তার দ্বন্দ্ব চলছিল। তবে কারা কেন তাকে হত্যা করেছে তা বলতে পারবো না।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ণ রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে তার মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে না। তবে তার পকেটে টাকা ও মুঠোফোন ছিল।