শৈলকুপায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৬:৩২
ঝিনাইদহের শৈলকুপায় খালের পানিতে পাট জাগ দেয়াকে কেন্দ্র করে দু গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার সকালে হাকিমপুর ও চরপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ সংগঠিত হয়।
শৈলকুপা থানার এস আই ইব্রাহিম হোসেন জানান, জাগ চিহ্নিত করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। আজ সকালে হাকিমপুর গ্রামের পক্ষে আতিয়ার রহমান ও চরপাড়া গ্রামের পক্ষে আমিন মণ্ডল মিমাংসার জন্য উভয়পক্ষ নিয়ে শালিসে বসেন। একপর্যায়ে তা অমান্য করে সেখানে হামলা চালায় হাকিমপুর গ্রামের কিছু যুবক।
হামলায় চরপাড়া গ্রামের শরিফুল, আমিরুল, সাত্তার, দিয়ানত, আরব আলী, কামির মণ্ডল, সলেমানের স্ত্রী হাজেরা, মমিন ম–লসহ ১০ জন আহত হন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চরপাড়া গ্রামে আয়ুব মণ্ডল, শরিফুল মণ্ডলসহ কয়েক জনের বাড়িতে লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
চরপাড়ার আহত সবুর ও সোহেল মণ্ডল জানান, হাকিমপুরের সন্ত্রাসীরা তাদের গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।
 শৈলকুপা থানার ওসি সগির মিঞা জানান, এলাকায় পুলিশ মোতায়েন আছে।