২০১৬ সালে এইচএসসিতে আরো ৬ বিষয় সৃজনশীল

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৮:৩৭
২০১৬ সাল থেকে আরো ছয় বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেয়া হবে এইচএসসিতে।  আর সমমান আলিমে সৃজনশীল প্রশ্ন থাকবে চার বিষয়ে।
একই বছর দাখিল পরীক্ষায় পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রশ্ন সৃজনশীলে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৭ সালে এইচএসসিতে আরো ৯  বিষয়ে সৃজনশীল  প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  কথা জানানো হয়েছে।  
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সচিবালয়ে এক সভা হয়। সভায় ২০১৬ সালের এইচএসসিতে অর্থনীতি, যুক্তিবিদ্যা, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং ভূগোল বিষয়ে সৃজনশীল প্রশ্ন  তৈরির সিদ্ধান্ত নেয়া হয়। এ বছর আলিম পরীক্ষায় অর্থনীতি, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রশ্ন হবে সৃজনশীল পদ্ধতিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ সালে এইচএসসিতে আরো কয়েকটি বিষয়ে সৃজনশীল প্রশ্ন থাকবে। তা হলো- কৃষি শিক্ষা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য বিজ্ঞান, শিশুর বিকাশ, খাদ্য ও পুষ্টি, গৃহব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ এবং ইসলামী শিক্ষা।