যশোরে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার বিকেলে যশোর শহরের নাজির শংকরপুর পাসপোর্ট অফিস এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে।
নিহত সুমন মোল্লা (২০) শহরের বেজপাড়া এলাকার রবিউল মোল্লার ছেলে। আহত তপু ব্যানার্জির (২৭) বাড়িও একই এলাকায়।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, নাজির শংকরপুর পাসপোর্ট অফিস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইকালে স্থানীয় লোকজন কয়েকজন ছিনতাইকারীকে ধাওয়া করে। পরে তারা সুমন মোল্লা ও তপু ব্যানার্জিকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎধীন অবস্থায় বিকেল ৫টার দিকে সুমন মোল্লার মৃত্যু হয়। তার লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত তপু ব্যার্নাজিকে চিকিৎসা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নিহত সুমন মোল্লার বোন শরীফা খাতুন দাবি করেছেন, সুমন ছিনতাইকারী না। বুধবার সকালে তিনি গোপালগঞ্জ থেকে যশোরে এসেছিলেন। তার এক বন্ধু তাকে পাসপোর্ট অফিস এলাকায় ডেকে নিয়ে যায়। ওই এলাকায় ছিনতাইয়ের পর ছিনতাইকারীরা পালিয়ে গেলে জটলার মধ্যে পড়ে তিনি মারপিটের শিকার হন।
