যুবরাজের সঙ্গে লড়তে ভারতে আসছেন বোল্ট

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৯:২৮

আগামী মাসের প্রথম দিকে প্রথমবারের মতো ভারত সফরে আসছেন স্প্রিন্ট কিং জ্যামাইকার উসাইন বোল্ট। তবে দৌঁড়াতে নয়। আসছেন ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে লড়াই করতে।
বোল্ট এবং যুবরাজ উভয়েই ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান পুমার দূত। বিশ্ববিখ্যাত এ ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠানের আয়োজনে আগামী ২ সেপ্টেম্বর চিন্ময়স্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য একটি প্রমোশনাল ইভেন্টে মুখোমুখি হবে দুই তারকা। প্রতিষ্ঠানের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘পুমার আয়োজনে ভারত সফরে আসছেন বোল্ট। দুই স্পোর্টিং লিজেন্ড একটি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবেন তারা। আগামী ২ সেপ্টেম্বর একটি এক্সক্লুসিভ ক্রিকেট ম্যাচে যুবরাজ সিংকে প্রথম বারের মত চ্যালেঞ্জ জানাতে দেখা যাবে পৃথিবীর দ্রুততম মানবকে।’ লড়াইটির নাম দেয়া হয়েছে ‘বোল্ট এবং যুবি-ব্যাটেল অব লিজেন্ড’।