জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী

‘আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে’

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ২১:৫৮
 
 
 
‘আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে’— মনে অপার দুঃখ নিয়ে গেয়েছিলেন কবি নজরুল। তবে তার লেখা গান সত্যি হয়েছে। তাকে সত্যিই ভোলা যায় না। আমাদের অস্তিত্বে মিশে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। গণমানুষের প্রিয় কবি বাংলাদেশর জাতয়ি কবি কাজী নজরুল ইসলামের ৩৮ তম মৃত্যুবার্ষিকী হূদয়ের উষ্ণতায় স্মরণ করল পুরো জাতি। নজরুলের বৈচিত্র্যময় সুর-ঐশ্বর্যের সম্মোহন আর অসামপ্রদায়িক মানবতার বাণী উচ্চারণে মুখর ছিল প্রতিটি অনুষ্ঠান মঞ্চ। সাম্যবাদী ও দ্রোহী চেতনার ধারক বাংলাদেশের জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে আজ বুধবার বিভিন্ন অনুষ্ঠানে তার জীবনবোধ শিল্পীরা গানে, কবিতায় ফুটিয়ে তোলে।
এ দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানাতে আজ ভোর থেকেই মানুষের ঢল নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনসহ সর্বস্তরের হাজারো মানুষ। ভোর থেকে নানা অনুষ্ঠানমালার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ—মসজিদুল জামিয়াতে ফজরের নামাজের পর কোরআনখানি অনুষ্ঠিত হয়। সকালে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক সমিতি ও ছাত্রছাত্রীরা কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও নজরুল মঞ্চে আলোচনা করেন। কবি পরিবারের পক্ষ থেকে কবির নাতনি খিলখিল কাজীসহ অন্য সদস্যরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। দিনভর অনুষ্ঠানমালার মধ্যে ছিল গান, নৃত্য পরিবেশনা, আবৃত্তি, নৃত্যনাট্য মঞ্চায়ন, নজরুল বিষয়ক আলোচনা প্রভৃতি।
জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আওয়ামী লীগের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, দফতর সম্পাদক আবদৃুস সোবহান গোলাপ প্রমুখ। বিএনপির পক্ষে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বে দলের নেতৃবৃন্দ।
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘কবি নজরুলের গান, কবিতা ও বাণী বাঙালি জাতির জন্য  উদ্দীপনা ও সঞ্জিবনী শক্তি হিসেবে কাজ করে। তার কবিতা বাঙালির প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে অবলম্বন হিসাবে পথ দেখিয়েছে।
কবির নাতনি খিলখিল কাজী কবির রচনাসমগ্র বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
কবির সমাধির প্রাঙ্গণে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নজরুল গবেষক ও ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম, উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়  শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বাংলা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক বেগম আকতার কামাল বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৌমিত্র শেখর। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ নজরুল সঙ্গীত পরিবেশন করেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, কবি নজরুলের আদর্শ অনুসরণের মাধ্যমে ধর্মান্ধ সামপ্রদায়িক অপতত্পরতার বিরুদ্ধে জাতিকে নজরুল চর্চা ও অধ্যয়নের আহ্বান জানিয়ে বলেন, কবি নজরুলের মানবতাবাদী চেতনা, সাম্য ও মুক্তবুদ্ধির ধারণায় আমাদের আত্ম-জিজ্ঞাসা প্রবণ হতে হবে এবং নতুন প্রজন্মকে এর তাত্পর্য সম্পর্কে সচেতন করে তুলতে হবে। নজরুল মানুষে-মানুষে কোন ভেদাভেদ দেখেননি, তার রচনা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সময় জাতিকে প্রেরণা যুগিয়েছে।
সংগঠনের পক্ষে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বুলবুল ললিতকলা একাডেমী, নজরুল একাডেমি, নজরুল ইনস্টিটিউট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, উদীচী, শিল্পকলা একাডেমি, নজরুল আবৃত্তি পরিষদ, শিশু একাডেমি, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন।
 
ইঅ/চৌফে/শ৫০৯