৫ হাজার কোটি টাকা পরিশোধে ১২ বছর চায় বেক্সিমকো

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ০০:৩৪

সাতটি ব্যাংক বেক্সিমকো গ্রুপের টেক্সটাইল ও গার্মেন্টস বিভাগের কাছে ঋণ বাবদ পাবে পাঁচ হাজার কোটি টাকা। বেক্সিমকো গ্রুপ এই টাকা পরিশোধে ১২ বছর সময় চেয়ে প্রস্তাব দিয়েছে। ব্যাংকগুলো হলো সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, ন্যাশনাল, এক্সিম ও এবি ব্যাংক।

গত ৫ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের কাছে তারা এ প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে ১২ বছর সময় চাওয়া ছাড়াও আড়াই বছরের জন্য কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা স্থগিত এবং সুদের হার কমিয়ে ১০ শতাংশ করার আবেদন জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক ১৯ অগাস্ট রাষ্ট্রায়ত্ত চারটি ও বেসরকারি তিনটি ব্যাংকের কাছে বিষয়টি নিয়ে মতামত চেয়েছে। কয়েকজন ব্যাংক কর্মকর্তা জানাচ্ছেন, এর আগে এরকম ঋণ পরিশোধের সুযোগ পেয়েছিল দেশের আরেকটি বড় ব্যবসায়ী গোষ্ঠী ইসলাম গ্রুপ। চলতি মূলধন সংকটে পড়া কোম্পানিকে বিদেশেও এ ধরনের সুযোগ দেয়া হয়ে থাকে বলে জানিয়েছেন তারা। তবে কী কী যুক্তিতে তখন সেই সিদ্ধান্ত হয়েছিল তা জানতে সে সময়কার কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের কাউকে খোঁজ করে পাওয়া যায়নি।