বেসরকারী টেলিভিশন চ্যানেল আইয়ের 'কাফেলা' ও 'শান্তির পথে' অনুষ্ঠানের উপস্থাপক ও সুপ্রিম কোর্ট মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম ফারুকী নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে নিহতের ছেলে ফয়সাল ফারুকী এ মামলা করেন। হত্যা রহস্য উদঘাটনে তিন ‘প্রত্যক্ষদর্শীকে’ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, নিহতের মেজ ছেলে ফয়সাল বুধবার মধ্যরাতে ৭/৮ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার রাতে ডাকাতি করতে এসে পূর্ব রাজাবাজারের বাসায় নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে চলে যায় দুর্বৃত্তরা।
আহলে সুন্নাত ওয়াল জামাতের এই নেতা ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ১৭৪ নম্বর পূর্ব রাজাবাজারে চারতলা একটি বাড়ির তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন ফারুকী।
ফারুকী হত্যার প্রতিবাদে রবিবার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে আহলে সুন্নত ওয়াল জামায়াত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এবং বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। বুধবার রাতে সমমনা এ সংগঠন তিনটি হরতালের ডাক দেয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভেরও ডাক দিয়েছে আহলে সুন্নত ওয়াল জামায়াত।
