স্কুলছাত্র হত্যা: ৩ জনের ফাঁসি

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ১৬:৫৮
গাজীপুরের টঙ্গীর স্কুলছাত্র ইনজামুল হক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ডে আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক খালেদা ইয়াসমিন এই আদেশ দেন। 
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সেলিম (২৫), নাহিদ ইসলাম নাহিদ (২৮) ও মো: সাহেব আলী (৩০)। এছাড়া অপর আসামি মো: হান্নানকে (২৮) সাত বছরের সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৭ অক্টোবর টঙ্গীর আউচপাড়া মোক্তারবাড়ি রোড এলাকার সফি উদ্দিন মোল্লার ছেলে ও উত্তরার সৃষ্টি সেন্টাল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ইনজামুল হক নিখোঁজ হয়। পরে দুর্বৃত্তরা ইনজামুলের পরিবারের নিকট ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে ইনজামুলের ভগ্নিপতি মোবারক হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। নিখোঁজের ১০ দিন পর এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে মাটি চাপা দেয়া অবস্থায় ইনজামুলের লাশ উদ্ধার করে।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলম চাঁদ ঐ চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে গাজীপুরের অতিরিক্ত জেলা  ও দায়রা জজ আদালত-২ এই শুনানি এবং ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, মো: সিদ্দকুর রহমান, মো: শাহজাহান এবং আসামি পক্ষে সাইফুদ্দিন মাহমুদ, মো: শওকত আলী, ও আবু তাহের মামলাটি পরিচালনা করেন। 
ইনজামুল হকের বাবা সফি উদ্দিন মোল্লা সন্তোষ প্রকাশ করে বলেন, আমি সঠিক বিচার পেয়েছি। এসময় রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।