বিদায় জানালেন ইতো ও আলোনসো

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ১৬:৩১
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন দুই তারকা ফুটবলার ক্যামেরুনের স্যামুয়েল ইতো ও স্পেনের জাভি আলোনসো।
 
জাতীয় দলের অধিনায়কের পদ হারানোর একদিন পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইতো। নিজের টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার লিখেছেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে আমি বিদায় নিচ্ছি....আফ্রিকার সবাইকে ধন্যবাদ, একইসাথে আমাকে শর্তহীনভাবে সমর্থন করার জন্য আমার সব সমর্থককেও ধন্যবাদ জানাতে চাই।’
আগামী মাস থেকে শুরু হওয়া ২০১৫ আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বের জন্য ক্যামেরুনের ২৫ জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি ইতোর। ব্রাজিল বিশ্বকাপেই আফ্রিকান অদম্য সিংহদের জার্সি গায়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন এই তারকা। যদিও গ্রুপ পর্বে তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে খেলার সুযোগ পেয়েছিলেন। মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলের পরাজিত ম্যাচটিতে মাঠে নেমেছিলেন তিনি। ১৯৯৮, ২০০২, ২০১০ সালের পরে এটি ছিল ইতোর চতুর্থ বিশ্বকাপ। ক্যামেরুনের হয়ে ১১৬টি ম্যাচে প্রতিনিধিত্ব করা ইতো ২০০০ ও ২০০৮ সালে দুইবার আফ্রিকান নেশন্স কাপ জিতেছেন। এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১৮ গোল করে তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করেছেন। এছাড়া ক্যামেরুনের হয়ে রেকর্ড ৫৬টি গোলও করেছেন। ২০০০ সালের সিডনি অলিম্পিকে স্বর্ণ জয় এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন।
 
এদিকে রিয়াল মাদ্রিদের স্প্যানিশ মিডফিল্ডার জাবি আলোনসো এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘আমি ঘোষণা দিতে চাই যে স্প্যানিশ জাতীয় দলের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। যে কোনো বিদায়ই বেশ কষ্টের। অনেক চিন্তা ভাবনার পরেই আমি বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি।’
২০০৮ এবং ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১০ সালের বিশ্বকাপে স্প্যানিশ দলের শিরোপা জয়ের অন্যতম সদস্য ছিলেন ৩২ বছর বয়সি এই মিডফিল্ডার। আর তাই বিদায়বেলায় এই স্মৃতিগুলো মনে করতে ভুল করেননি আলোনসো। তিনি বলেছেন, ১১ বছরের বেশী সময় আগে থেকে স্প্যানিশ দলের সাথে অসাধারণ সব মুহূর্ত কেটেছে। কোটি কোটি ভক্ত সমর্থকদের স্বপ্ন পূরণের পেছনে যে ঐতিহাসিক প্রজন্ম কঠোর পরিশ্রম করেছে আমি তাদের অংশ ছিলাম। বিশেষ করে বিশ্বকাপের পাশাপাশি টানা দুইবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা সত্যিই বিশেষ কিছু।
যদিও স্পেনের হয়ে আলোনসোর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট মোটেই ভাল কাটেনি। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ড ও চিলির বিপক্ষে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে স্প্যানিশরা হতাশ করে। স্পেনের হয়ে ১১৪টি আন্তর্জাতিক ম্যাচে ১৬টি গোল করেছেন আলোনসো। স্প্যানিশ স্বর্ণযুগের বিদায়ের সাথে সাথে আলোনসোর এই বিদায় সংশ্লিষ্ট সকলকেই হতাশ করেছে। এ সম্পর্কে স্প্যানিশ কোচ ভিসেন্টে ডেল বস্ক বলেছেন, তিনি দলের জন্য যা করেছে তা সত্যিই অনুকরণীয়। সতীর্থদের সাথে দারুণ এক সম্পর্ক পিছনে রেখে তিনি দল ছেড়ে চলে যাচ্ছেন। তিনি দারুণ একজন পেশাদার ফুটবলারের উদাহরণ।