প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতির ভিত শক্তিশালী করতে জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে বাংলাদেশি পণ্যের স্থানীয় বাজার গড়ে তোলার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনকালে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কেবল রফতানি নিয়ে চিন্তা করা যথাযথ হবে না। আমাদের স্থানীয় বাজার সৃষ্টি এবং জনগণের ক্রয় ক্ষমতা বাড়ানোর ওপর নজর দিতে হবে। এটি হচ্ছে দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় অর্থনীতির ভিত শক্তিশালী হবে না।
সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে স্থানীয় বাজার গড়ে উঠবে এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাও অনেক বেড়েছে। বিগত ৫ বছরে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলশ্রুতিতে বর্তমান মাথাপিছু আয় ১ হাজার ১৯৫ মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলে তিনি এ কথা উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, দেশের উৎপাদন ও ভোক্তার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানি রফতানি নীতি বাস্তবায়ন করা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান কাজ। এটা মনে রেখেই দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে ভোক্তা অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতির নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে এবং পদক্ষেপ নিতে হবে আর্থ-সামাজিক বাস্তবতার নিরিখে। এর মধ্যে জনগণের চাহিদা, বিশ্ব বাজারে এবং বিদেশে চাহিদার ভিত্তিতে পণ্যে উৎপাদনের বিষয়ে বিশেষভাবে বিবেচনায় নিতে হবে।
ভেজাল খাদ্যের পাশাপাশি ফরমালিনমুক্ত খাবারের বিক্রি ও ব্যবহার সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আধুনিকায়নের মাধ্যমে বিএসটিআই’র মানোয়ন্নন করেছে। এ সঙ্গে ভেজাল খাদ্য বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তবে ফরমালিন সম্পর্কে ব্যাপক জনসচেনতা সৃষ্টির প্রয়োজন রয়েছে। খবর বাসস।
