কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘জিয়াউর রহমান যেমন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তেমনি তার ছেলে তারেক রহমানের পরিকল্পনায় ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রীর উপর গ্রেনেড হামলা করা হয়। বঙ্গবন্ধুর খুনিরা যেমন রেহায় পায়নি, তেমনি ২১ আগস্টের খুনি হিসাবে তারেক রহমানও রেহায় পাবে না।’
বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। ‘বাঙালির হূদয়ের ফ্রেমে জাতির পিতা’ শীর্ষক মাসব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে যুবলীগ।
মতিয়া চৌধুরী বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত্বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিএনপি নেত্রী খালেদা জিয়া কেক কেটে উল্লাস প্রকাশ করে প্রমাণ করেছেন যে তিনি খুনিদের দোষর।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু, যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ প্রমুখ।
