মগবাজারে বাড়িতে ঢুকে ৩ জনকে হত্যা

আপডেট : ২৮ আগস্ট ২০১৪, ২৩:৩৮
ইসলামী ফ্রন্ট নেতা নুরুল ইসলাম ফারুকী হত্যার ২৪ ঘণ্টা পার হতে না হতেই আরও ৩ হত্যাকাণ্ড সংঘটিত হলো। বৃহস্পতিবার রাতে মগবাজারের সোনালীবাগে নিহতরা হলেন- বৃষ্টি ওরফে রানু (৩০), মুন্না (২২) ও বেলাল (২০)। আহত হয়েছেন হৃদয় (১৮) নামে একজন।
ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেক হক সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ৮টার দিকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক রানু, মুন্না, বেলালকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের কাছ থেকে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে ১০/১২ জন সন্ত্রাসী সোনালীবাগের চান বেকারির গলির ওই বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। নিহত রানু টিনশেড ওই বাড়ির মালিক এবং মুন্না ও বেলাল ভাড়াটিয়া বলে জানা গেছে। আহত হৃদয় নিহত রানুর ভাই।
তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শিবলী নোমান। নিহত রানুর চাচা শাহ আলম সাংবাদিকদের বলেন, এক মাস আগে থেকে কালা বাবু নামে এক সন্ত্রাসী দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় কালা বাবু সদলবলে এসে বাড়িতে ঢুকে গুলি চালায়।