পূর্বধলায় শিশু সন্তানকে হত্যা, সৎ মা ও বাবা গ্রেফতার

আপডেট : ২৯ আগস্ট ২০১৪, ১৩:৩৬

নেত্রকোনার পূর্বধলায় আড়াই বছরের এক কন্যা শিশুকে সৎ মা পানিতে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর সৎ মা তাসলিমা বেগম (২২) ও বাবা রুবেল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দেবকান্দা গ্রামের রুবেল মিয়া গত কয়েক বছর আগে পর পর দুটি বিয়ে করে স্থানীয় জামধলা বাজারে জনৈক রাখাল চন্দ্র বর্মনের ভাড়া বাড়িতে দুই স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। কয়েকদিন ধরে দ্বিতীয় স্ত্রী জান্নাতুল ফেরদৌসি প্রীতির সঙ্গে রুবেল মিয়ার বনিবনা হচ্ছিল না। এর জেরে জান্নাতুল আড়াই বছরের কন্যা শিশু রুনা আক্তারকে স্বামীর কাছে রেখে বাবার বাড়িতে চলে যান। কিন্তু রুবেলের প্রথম স্ত্রী তাসলিমা বেগম ওই শিশুটিকে মেনে নিতে পারেননি। গত বুধবার রাতে তাসলিমা ওই শিশুকে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। খবর পেয়ে পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুর লাশ উদ্ধার করে ও ঘটনার সাথে জড়িত অভিযোগে শিশুর সৎ মা ও বাবাকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই শিশুর মা জান্নাতুল বাদী হয়ে তার স্বামী ও সতীন তাসলিমাকে আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।