চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি ওসমান নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায়। এ সময় কয়েকজন শ্রমিক তীরে উঠতে সক্ষম হন। তারা জানিয়েছেন, জাহাজটিতে লবণ আনা হচ্ছিল।
নিহত শ্রমিকের নাম মো. আরশাদ (৫৫)। তার বাড়ি চট্টগ্রামের মিরশরাই এলাকায়।
হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, কক্সবাজারের কুতুবদিয়া থেকে ছেড়ে আসা লবণবাহী একটি কার্গো জাহাজ নারায়ণগঞ্জের দিকে আসছিল। এটি আজ বেলা ১১টায় চাঁদপুরের হাইমচর উপজেলার তেলিরমোড় এলাকায় মেঘনা নদী অতিক্রমকালে ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়।
এ সময় কার্গোতে থাকা আটজন শ্রমিক সাঁতরে নদী তীরে উঠতে সক্ষম হলেও আরশাদ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, কার্গোবাহী জাহাজটিতে ৫ হাজার মণ লবণ ছিল। জাহাজটি তেলিরমোড় এলাকায় মেঘনা নদীতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। এটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
