রাজশাহীর তানোরে কালভার্টের নীচ থেকে ৩ হাজার ৭০ মোবাইল সিমকার্ড উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাওয়া ওইসব সিমকার্ড বিকালে উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর গ্রামের কালিকান্দর নামক স্থানে আদিবাসী ছেলেরা কালভার্টের নীচে মাছ ধরার সময় কাদার মধ্যে একটি পলিথিন ব্যাগ খুঁজে পায়। ওই ব্যাগে বিভিন্ন মোবাইল বিপুল পরিমাণ সিমকার্ড দেখতে পায়। পরে তারা প্রকাশনগর বাজারে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অফিসে খবর দেয়। সমিতির লোকজন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি অবগত হয়ে থানায় খবর দেন। পরে বিকালে তানোর থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক ও ওয়ারিদ কোম্পানীর সাংকেতিক চিহ্ন দেয়া সিমকার্ড গুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
প্রতিটি কোম্পানির সিমকার্ডে এ-১, বি-২, জি-৩৭, এইচ-৩৪ এ রকম বিভিন্ন রকম সাংকেতিক চিহ্ন রয়েছে। ওইসব সিমকার্ডের বেশ কয়েকটাতে কল যাচ্ছে ও ব্যালেন্স দেখা গেছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। ওই ব্যাগে মোট বিভিন্ন মোবাইল কোম্পানীর ৩ হাজার ৭০টি সিমকার্ড পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয় নিয়ে তানোর উপজেলার পাঁচন্দর পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি শরিফুল ইসলামসহ স্থানীয়রা জানান, এটি জঙ্গি সংগঠন জেএমবির কর্মতত্পরতার আলমত হতে পারে। বিগত চারদলীয় জোট সরকারের আমলে বাংলাদেশের প্রথম তানোরের পাঁচন্দর ইউনিয়নের চাঁদপুর গ্রামে জঙ্গিদের আস্তানার সন্ধান পাওয়া যায়। ওই আস্তানা থেকে পুলিশ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরকসহ কয়েক জঙ্গিতে হাতেনাতে আটক করেছিল। তারই ধারাবাহিকতায় এই কর্মতত্পরতা বলে স্থানীয়রা ধারণা করছেন।
এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আগাম কিছু বলা ঠিক হবে না। সিমকার্ডগুলো জব্দ করা হয়েছে। এর পিছনে কারা, কীভাবে জড়িত তা তদন্ত করে দেখা হবে।
