মাকে বাঁচাতে গিয়ে বাবার হাতে ছেলের মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৪, ১৯:১৫
রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামে বাবার প্রহারে মাসুদ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মাকে বাঁচাতে গিয়ে এই প্রহারের শিকার হয় সে। তার বাবার নাম আব্দুল কুদ্দুস।
 গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে পারিবারিক কলহের জের ধরে আব্দুল কুদ্দস তার স্ত্রীকে মারপিট করতে থাকেন। মায়ের আত্মচিৎকারে ছুটে আসে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মাসুদ (১৪)। সে মাকে জড়িয়ে ধরে মারপিট না করার জন্য বাবাকে অনুরোধ করে। আব্দুল কুদ্দুস সেই অনুরোধ উপেক্ষা করে ছেলেকেই প্রহার করতে থাকে। একপর্যায়ে মাথায় আঘাত প্রাপ্ত হয় মাসুদ। মুমূর্ষ অবস্থায় তাকে পুঠিয়া হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় মাসুদের।