ফজলুর রহমান রাজুর প্রতি প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

আপডেট : ২৯ আগস্ট ২০১৪, ১৯:৩১
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, ঢাকা নগর আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান রাজুর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শুক্রবার সকালে কলাবাগানে তার বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রী তার প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী রাজুর স্মৃতির প্রতি শ্রদ্ধার নির্দশন হিসেবে তার লাশের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে প্রধানমন্ত্রী রাজুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।  মোনাজাত শেষে প্রধানমন্ত্রী রাজুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্তনা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা নগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও দলের ধানমন্ডি থানা ইউনিটের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান রাজু বুধবার ৭২ বছর বয়সে স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত্ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২ ছেলে, ৬ ভাই, ২ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুম্মা কলাবাগান ক্রীড়াচক্র মাঠে মরহুম ফজলুর রহমান রাজুর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।
 
ইঅ/চৌফে/শ১৯৬