সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের শোক সমাবেশ কাল

আপডেট : ২৯ আগস্ট ২০১৪, ১৯:৪৯
 
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যোনে ঢাকা আওয়ামী লীগের শোক সমাবেশ আগামীকাল শনিবার। শোকের মাসে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ শোক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিকাল ৪টায় এ শোক সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে রাজধানীর প্রতিটি থানা, ওয়ার্ড ইউনিয়ন থেকে দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে মিলিত হবেন।
এ দিকে শোক সমাবেশের প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করতে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে থাকতে পারে। বিএনপির আন্দোলন হাস্যকর বস্তুতে পরিণত হওয়ায় তারা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। তিনি বলেন, পৃথিবীর অন্য সব দেশেও এ রকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বলা যাবে না যে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপির যুদ্ধাপরাধীরা দেশকে অস্তিতিশীল করার সব অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সব ঘটনা তার অংশ কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তারা (বিএনপি) এখন আন্দোলনের কথা বললে মানুষ হাসে। আমরাও না হেসে পারিনা। তিনি বলেন, প্রতিবারই তারা বলে ঈদের পরে আন্দোলন করবে, অবশ্য কোনো সালের ঈদের পর তারা আন্দোলল করবে তা কিন্তু তারা বলে না। তিনি বলেন, ঈদুল আযহার পর বিএনপি কিছু করতে চাইলে তা সফল হবে না। কারণ তাদেও সে শক্তি নেই। তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে পায়ে পাড়া দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার ফল ভালো হবে না। এ থেকে তাদের সাবধান থাকা উচিত। হানিফের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ইঅ/চৌফে/শ২৫৫