গণতন্ত্র ফিরিয়েই তারেককে আনব: মির্জা ফখরুল

আপডেট : ২৯ আগস্ট ২০১৪, ২১:৩০

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়েই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। শুক্রবার বিকালে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানকে আমি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছেলে হিসেবে দেখি না। আমি তাকে দেখি ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসাবে। তিনি দেশের মানুষের স্বপ্ন ধারণ করে আছেন।
এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশে জনগণের জন্য যত ‘শুভ’ কাজ হয়েছে তা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানই করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক মইনুল আহসান খান, অধ্যাপক আবদুর রশীদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমীর হোসেন ভূঁইয়া, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন ডোনার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, ব্যারিস্টার কায়সার কামাল আলোচনা সভায় বক্তব্য দেন।