নূর হোসেনের মুখে মুচকি হাসি

আপডেট : ৩০ আগস্ট ২০১৪, ০০:২৪
১৩ দিনের জেল হেফাজত শেষে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার দুপুরে নূর হোসেন এবং তাঁর দুই সহযোগী খান সুমন ও ওহিদুর রহমানকে আবারও বারাসাতের আদালতে তোলা হয়। আদালতের লকআপে প্রবেশের সময় সাংবাদিকেরা নূর হোসেনকে প্রশ্ন করেন, “বাংলাদেশে তাঁর ‘ঘনিষ্ঠ’ নেতারা সাত খুনের ঘটনায় তাঁর জড়িত থাকার বিষয় বলছেন। এ ছাড়া তাঁকে বাংলাদেশে পাঠানো হতে পারে। এ ব্যাপারে তার মন্তব্য কী?” প্রশ্নের জবাবে নূর হোসেন কোনো প্রতিক্রিয়া না জানিয়ে মুচকি হাসেন।
১৮ আগস্ট অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই তিনজনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশ অভিযোগপত্র দাখিল করেন। শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মধুমিতা রায় ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র-সংক্রান্ত নোটিশ জারি করে শুনানির তারিখ ধার্য করেন, আগামী ১ সেপ্টেম্বর।
এদিকে ১৮ আগস্ট নূর হোসেনের সহযোগী খান সুমন জামিন পেলেও জামিনের টাকা না দেওয়ায় এখনো কারাগার থেকে বের হতে পারেননি। তবে জানা গেছে কারাগার থেকে বের করার সব কাগজপত্র প্রস্তুত রয়ছে। আর ওহিদুরের জামিন আবেদনের ওপর শুনানি হবে ২ সেপ্টেম্বর। এদিকে সহযোগীরা জামিনের আবেদন করলেও গ্রেপ্তারের আড়াই মাস পরও জামিন আবেদন করেননি নূর হোসেন।