অপকর্ম ঢাকতে কর্মসূচিতে বাধা দিচ্ছে সরকার: ফখরুল

আপডেট : ৩০ আগস্ট ২০১৪, ১৩:১২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের অন্যায়-অপকর্ম উন্মোচিত হওয়ার ভয়ে সরকার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে ২০ দলীয় জোটের কর্মসূচিতে বাধা দিয়েছে। এই গুম, অপহরণের হোতা অবৈধ সরকার মনে করেছে ২০ দলীয় জোটকে এই দিবসটি পালন করতে দিলে তাদের বিভৎস রূপ আরো বেশি প্রকাশ হয়ে পড়বে।
আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
কর্মসূচি পালন করতে না দেয়ায় ফখরুল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ২০ দলের আজকের নির্ধারিত মানববন্ধন কর্মসূচি আগামী ২ সেপ্টেম্বর পালন করা হবে বলে জানান তিনি।
লিখিত বক্তব্যে ফখরুল বলেন, সারা পৃথিবীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আজ আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট গুম হওয়া মানুষগুলোকে স্মরণ এবং সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য জাতিসংঘ ঘোষিত এই দিবসটি পালন করা হচ্ছে বিশ্বব্যাপী। ২০ দলীয় জোট এই দিবসটি পালনের জন্য মানববন্ধনের কর্মসূচি গ্রহণ করেছিল। মানববন্ধনের কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ কর্মসূচি। এই কর্মসূচি পালনের জন্য আমরা ঢাকা মহানগরী পুলিশ কমিশনারকে চিঠির মাধ্যমে অবহিত করি। প্রথমে আমরা প্রেস ক্লাবকে কেন্দ্র করে পূর্ব দিকে দৈনিক বাংলা মোড় এবং পশ্চিম দিকে শাহবাগ শিশুপার্ক পর্যন্ত মানববন্ধনের বিস্তৃতি উল্লেখ করে চিঠি দিই।
ফখরুল বলেন, কিন্তু পুলিশ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কর্মসূচির অজুহাতে আমাদেরকে স্থান পরিবর্তনের জন্য অনুরোধ করলে আমরা গতকাল নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়কে কেন্দ্র করে পূর্ব দিকে নটরডেম কলেজ এবং পশ্চিম দিকে বিজয়নগর মোড় পর্যন্ত মানববন্ধনের বিস্তৃতি উল্লেখ করে পূনরায় পুলিশ প্রশাসনকে চিঠি দিই। কিন্তু আজকের ‘ইন্টারন্যাশনাল ডে অফ দি ভিকটিমস অব এনফোর্স ডিসএ্যাপিয়ারেন্স’ এর জন্য ২০ দলীয় জোটের মানববন্ধনের কর্মসূচিটিকে সফল করতে না দেয়ার জন্য তারা নানা ধরনের টালবাহানা করতে থাকে। গতকাল রাত দশটা-সাড়ে দশটা পর্যন্ত আমরা বারবার তাদের এ বিষয়ে জিজ্ঞেস করলে সুস্পষ্টভাবে কিছু জানাননি। বারবার তারা প্রধানমন্ত্রীর জনসভার অজুহাত দেখান। রাত ১১টায় পুলিশ জানায় যে,  আজ ৩০ আগস্ট জাতিসংঘ ঘোষিত এই দিবসটি পালনের অনুমতি দেয়া হয়নি। ২০ দলীয় জোট পুলিশের এহেন অগণতন্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
তিনি বলেন, গুম মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। এই কর্মসূচিটি তারা ২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতাসীন হওয়ার পর থেকে অত্যন্ত তৎপরতার সাথে চালিয়ে এসেছে নিজেদের অবৈধ অস্তিত্বকে নিরাপদ করার জন্য।