গত ২১শে আগস্ট থেকে শুরু হয়েছে মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসব ২০১৪। বারো দিনব্যাপী এ উৎসবে গত শনি ও রবিবার স্থান পেলো সাইফুল ওয়াদুদ হেলাল পরিচালিত শাহবাগ আন্দোলন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বাংলাদেশের হৃদয়’। সেই সুবাদে মন্ট্রিয়ল বিশ্ব চলচ্চিত্র উৎসবে উড়লো বাংলাদেশের পতাকা।
উৎসবে ‘বিশ্বের প্রামাণ্যচিত্র’ বিভাগে নির্বাচিত ৩৪টি প্রামাণ্যচিত্রের মধ্যে একটি ‘বাংলাদেশের হৃদয়’। ৭৪টি দেশ থেকে সর্বমোট ৩৫০টি ছবি এ বছর উৎসবে প্রদর্শিত হচ্ছে ডাউন টাওন মন্ট্রিয়লের মোট তিনটি ভেন্যূর ১৯টি পর্দায়।
জন্মলগ্ন হতেই উৎসব সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর জোর দিয়ে এসেছে। মূল লক্ষ্য হলো জাতিতে জাতিতে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি, নতুন ধারার ছবি নির্মাণের পৃষ্ঠপোষকতা, এবং সর্বোপরি নতুন প্রতিভা আবিষ্কার।
এবারে মন্ট্রিয়ল চলচ্চিত্র উৎসবের ৩৮তম আসরটি উৎসর্গ করা হয়েছে অধুনাপ্রয়াত নন্দিত সাহিত্যিক গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেসের স্মৃতির উদ্দেশ্যে।
উল্লেখ্য, মন্ট্রিয়ল চলচিত্র উৎসব বরাবরই ‘বাংলাদেশের হৃদয়ের’ মতো নতুন, সৃষ্টিশীল কাজগুলি অনুপ্রাণিত করে এসেছে। এর আগে ২০০৫ এ উৎসবের ২৯তম আসরে হেলালের নির্মিত প্রামাণ্যচিত্র ‘বিশ্বাসের রঙ’ উৎসবে নির্বাচিত ও প্রশংসিত হয়।
