যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া আবদুল আলীমের দাফন আগামীকাল সোমবার হবে। তার পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে। জয়পুরহাটে তাকে সমাহিত করা হবে।
আলীমের ছেলে ফয়সাল আলীম জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১১টায় তার বাবার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ বুঝে পেলে বাদ আসর বনানী চেয়ারম্যান বাড়ি সংলগ্ন মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার জয়পুরহাটে দলীয় কর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সমাহিত করা হবে।
গত বছরের ৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমৃত্যু কারাদণ্ডের পর থেকে ৮৪ বছরের আলীম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন ওয়ার্ডে ছিলেন। সেখানেই গতকাল শনিবার বেলা সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
