সংসদে কার উপস্থিতি কেমন

আপডেট : ৩১ আগস্ট ২০১৪, ২৩:৩৮

চলতি দশম সংসদের দুটি অধিবেশনে সংসদে হাজিরা দিয়ে হাজিরার দিক থেকে এরই মধ্যে নবম সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ছাড়িয়ে গেছেন রওশন এরশাদ।

গত দুটি অধিবেশনে মোট কার্যদিবস ছিল ৫৯টি। আর এর মধ্যে রওশন এরশাদ উপস্থিত ছিলেন ২৪দিন। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলা ৩৬ কার্যদিবসের প্রথম অধিবেশনে তার উপস্থিতি ছিল ১৪ দিন। অন্যদিকে জুন-জুলাই মাসে ২৩ কার্যদিবস চলা বাজেট অধিবেশনে উপস্থিতি ছিলো ১০ দিন।
গত নবম সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উপস্থিত ছিলেন ১০ দিন। ওই সংসদে মোট কার্যদিবস ছিল ৪১৮টি।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, দশম সংসদের দুটি অধিবেশনে হুইপ শহীদুজ্জামান সরকারের উপস্থিতি সবচেয়ে বেশি। ৫৯ কার্যদিবসই তিনি সংসদে উপস্থিত ছিলেন।
আর সবচেয়ে কম উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আলী আজগর। তিনি মোট ১১ দিন সংসদে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই অধিবেশনে উপস্থিত ছিলেন ৫২ দিন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সংসদে ছিলেন ১৭ দিন।