আ. লীগ নেতার রিভলবারের গুলি বেরিয়ে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ০২:০৯

পাবনা এডওয়ার্ড কলেজের এক ছাত্র এক আওয়ামী লীগ নেতার রিভলবারের গুলিতে নিহত হয়েছে। নিহতের নাম মাসুদুর রহমান (২২)। সে হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। পুলিশ দাবি করেছে আওয়ামী লীগ নেতার লাইসেন্স করা ওই অস্ত্রটি নিয়ে খেলার সময় দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে যায়। গুলিটি তার শরীরের বুকের বাম পাশে লেগেছিল।

রিভলবারটি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টারের লাইসেন্স করা বলে সাংবাদিকদের জানিয়েছেন পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম। মাসুদুর রহমান হামিদ মাস্টারের “ছন্দা ছাত্রাবাসে” থাকতো। রোববার রাত সাড়ে ৯টার দিকে ছন্দা ছাত্রাবাসেই গুলিবিদ্ধ হন মাসুদ। তাকে অন্য ছাত্ররা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদ বলেন, মাসুদ মারা গেছেন।
হামিদ মাস্টারের কাছে এই ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের বলেন,  “আমি নামাজ পড়তে মসজিদে ছিলাম। পরে বিষয়টি শুনতে পাই।

জিজ্ঞাসাবাদের জন্যে ওই আওয়ামী লীগ নেতার গাড়িচালক শাকিলকে আটক এবং রিভলভারটি জব্দ করেছে পুলিশ।