গোপালগঞ্জে চারটি দোকান পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রবিবার রাত নয়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি হুমায়ুন কবির জানান, ওই বাজারের নুরুজ্জামানের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই দোকানটি পুড়ে যায় এবং পাশের আরো তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই দোকানগুলো আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ও টুঙ্গিপাড়া থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা হয়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরুজ্জামান জানান, আগুনে চারটি দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে
