শিক্ষককে কুপিয়ে যখম: শাবিতে কর্মবিরতি পালন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ১৬:০৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদকে কুপিয়ে জখম করার প্রতিবাদে আজ সোমবার কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বেলা ১১টায় কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে মৌন মিছিল করেন শিক্ষকরা। পরে প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষক সমিতি। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস, লাইফ সায়েন্স অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. ইয়াসমিন হক, সমাজকর্ম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, লাইফ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী ও শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইউনুস প্রমুখ।
সমাবেশে বক্তারা সমাজকর্ম বিভাগের শিক্ষকের ওপর হামলাকারী একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ওয়েছ আহমদকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। একই সাথে বিশ্ববিদ্যালয়ের একজন মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেয়ার দাবি জানান। সমাবেশ শেষে ৫টি দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ওয়েছ আহমদ।