রাজশাহী আদালতে জিপি-পিপির অফিসে তালা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৪০
রাজশাহী আদালতের জেনারেল প্রসিকিউটর (জিপি) ও দুইজন পাবলিক প্রসিকিউটরের (পিপি) অফিস কক্ষে তালা দিয়েছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতাকর্মীরা। আজ সোমবার দুপুর ১২টার দিকে তালা লাগানোর আগে বিক্ষুব্ধ আইনজীবীরা দায়িত্বে থাকা পিপি ও জিপিকে তাদের কক্ষ থেকে বের করে দেয়।
রাজশাহী বারের বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট আসলাম সরকার জানান, অ্যাডভোকেট রবিউল হক কাকর জিপি, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন পিপি এবং অ্যাডভোকেট আবদুস সালাম মহানগর আদালতের পিপি হিসাবে গত ৬ বছর ধরে দায়িত্বে রয়েছেন। কিন্তু তাদের বিরুদ্ধে  অর্পিত দায়িত্ব পালনে অবহেলা ও স্বেচ্ছাচারিতার বিস্তর অভিযোগ রয়েছে। এ কারণে সমপ্রতি তারা আইন মন্ত্রণালয়ে দলের ত্যাগী আইনজীবীদের এসব পদে নিয়োগের জন্য দাবি জানান। কিন্তু তাদের দাবি উপক্ষো করে গতকাল রবিবার অভিযুক্ত আগের জিপি ও পিপিদের আবারো নিয়োগ দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ আইনজীবীরা জিপি ও দুই পিপি’র অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে প্রতিবাদ শুরু করেছেন।
এ ব্যাপারে রাজশাহী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট আবদুস সালাম জানান, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যারা জিপি ও পিপি’র দায়িত্বে ছিলেন বর্তমান মেয়াদে আইন মন্ত্রণালয় তাদের কাউকে নিয়োগ দেয়নি। এ কারণে তারা ক্ষুব্দ হয়ে জিপি, পিপি’র কক্ষে তালা ঝুলিয়েছেন। বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করবেন বলে জানান তিনি।