জয়পুরহাটে আব্দুল আলিমের দাফন সম্পন্ন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৫৪
 
 
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু সাজাপ্রাপ্ত জিয়া সরকারের সাবেক মন্ত্রী  আব্দুল আলীমের মরদেহ জয়পুরহাট স্টেডিয়ামে জানাজা শেষে থানা রোডে অবস্থিত তার পারিবারিক  কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার বিকেল ৩টায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১২টায় প্রথমে তার মরদেহ জয়পুরহাট বার সমিতিতে নেওয়া হয়। সেখানে তার সহকর্মীরা শ্রদ্ধা জানান। পরে বেলা সাড়ে ১২টার সময় তার লাশ নেওয়া হয় জয়পুরহাট থানা রোডে অবস্থিত তার নিজ বাসভবনে। সেখানে তার পরিবারের এবং আত্মীয় স্বজনদের  মরদেহ দেখানোর পর জয়পুরহাট স্টেডিয়ামে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে সর্বস্তরের মানুষকে তার লাশ দেখানো হয়। বিকেল সাড়ে ৪টার সময় তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
জানাজার সময় তার বড় ছেলে ফয়সাল আলিম বলেন, আমার বাবার মামলার রায়ের বিরুদ্ধে আমরা আপিল করেছি। আপিলের রায় আমার বাবা আব্দুল আলিম দেখে যেতে পারলেন না। আমার মৃত বাবাকে নির্দোষ প্রমাণ করে যুদ্ধাপরাধীর কলঙ্ক থেকে মুক্ত করব। আব্দুল আলীমের জানাজায় এলাকার প্রায় কুড়ি হাজার মানুষ অংশগ্রহণ করেন। 
আমৃত্যু সাজা ভোগকারী আব্দুল আলিম গত শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজনশেলের আইসিইউতে মৃত্যুবরণ করেন।