বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর নূরুল ইসলাম মণ্ডলকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গত বছরের ৩ মার্চ উপজেলা পরিষদে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর আজ সোমবার আদালতে হাজিরা দিতে গেলে তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেওয়া হয়। বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক সাব্বির ফয়েজ তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
ওই আদালতের এপিপি কাজী রবিউল আলম মিঠু জানান, গত বছরের ৩ মার্চ জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মাওলানা নূরুল ইসলাম মণ্ডল প্রধান আসামি ছিলেন। ওই মামলা তদন্ত করে গত ২৮ ফেব্রুয়ারি পুলিশ ২৬৮ জনের বিরুদ্ধেঅভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র দাখিলের পর থেকেই প্রধান আসামি উপজেলা চেয়ারম্যান পলাতক ছিলেন। আজ তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানী শেষে তার আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
তার বিরুদ্ধে মোট ৫টি মামলা আদালতে বিচারাধীন বলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাজাহান আলী জানিয়েছেন।
