ইউনাইটেড কিংডম ভিসাস অ্যান্ড ইমিগ্রেশনের ( ইউকেভিআই) বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে বাংলাদেশে জমাকৃত সেটেলমেন্ট (প্রথম ধাপ) ভিসা এবং পয়েন্ট বেজড সিস্টেমের (দ্বিতীয় ধাপ) আবেদন ইতিমধ্যে নয়াদিল্লীতে নিষ্পত্তি হতে শুরু করেছে। তৃতীয় এবং শেষ ধাপে, আগামী ৭ সেপ্টেম্বর বা এর পরের অন্যান্য সকল ধরণের ভিসা আবেদন ১ অক্টোবর থেকে নয়াদিল্লীতে যাচাই-বাছাই করা হবে। আবেদনকারীর পাসপোর্ট বাংলাদেশেই থাকবে এবং সিদ্ধান্ত গ্রহণ করবে ব্রিটিশ রাজকীয় কর্মকর্তারা। সোমবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এ ক্ষেত্রে আবেদনের খরচ অপরিবর্তিত থাকবে এবং বিদ্যমান সেবার মান অক্ষুণ্ন রেখে আগের মতোই নন- সেটেলমেন্ট ভিসার জন্য ১৫ দিন ও সেটেলমেন্ট ভিসার জন্য ৬০ দিনের সময় বহাল থাকবে। আগের মতোই, বাংলাদেশি আবেদনকারীরা ঢাকা এবং সিলেটের ভিসা আবেদন কেন্দ্রে তাদের আবেদনসমূহ জমা দেবেন। এ জন্য আবেদনকারীকে দিল্লি যেতে হবে না।
গত ২৪ জুলাই ঢাকাস্থ হাইকমিশনের ঘোষণায় বলা হয়, ইউনাইটেড কিংডম ভিসাস অ্যান্ড ইমিগ্রেশনের (ইউকেভিআই) বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে, ইউকে ভিসার আবেদন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে আঞ্চলিক কেন্দ্র (এক্সটেনডেড হাব) এবং স্পোক নেটওয়ার্কের (কয়েকটি দেশের সেবা কার্যক্রমকে একটি কেন্দ্রের মাধ্যমে পরিচালনা করা) মাধ্যমে। এরই অংশ হিসেবে এ বছরের ১ অক্টোবর থেকে ব্রিটিশ হাইকমিশনের ভিসা সেকশন, বাংলাদেশে জমাকৃত আবেদনের ক্ষেত্রে আর সিদ্ধান্ত গ্রহণের কাজ করবে না।
নয়াদিল্লীস্থ ব্রিটিশ হাই কমিশনের ভিসা সেকশন, আঞ্চলিক কেন্দ্র হিসেবে বাংলাদেশে জমাকৃত আবেদনগুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কাজ সম্পন্ন করবে।
