আগ্রাসন চালাচ্ছে রাশিয়া: ইউক্রেইন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৪, ২০:৪৯


রাশিয়া সরাসরি ও প্রকাশ্যে আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো। এ জন্য দু’পক্ষের লড়াইয়ে ভারসাম্যও আমূল বদলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

কিয়েভে একটি সামরিক একাডেমিতে এক বক্তব্যে পোরোশেঙ্কো বলেন, ‘প্রতিবেশী একটি দেশ থেকে ইউক্রেইনের বিরুদ্ধে সরাসরি এবং প্রকাশ্যে আগ্রাসন শুরু হয়েছে। এতে করে রণক্ষেত্রের পরিস্থিতি আমূল পাল্টে গেছে।’ তবে বরাবরই পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের কোনোরকম সহায়তা দেয়ার কথা অস্বীকার করে আসছে রাশিয়া।


পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াইয়ে ইউক্রেইনের সেনাবাহিনী বড় ধরনের পরাজয়ের শিকার হচ্ছে। দেশের পূর্বাঞ্চলে লুহান্সক শহরের কাছে গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর থেকে সেনাদেরকে সরিয়ে আনা হয়েছে এবং ওই স্থানে সেনারা রাশিয়ার ট্যাংক বাহিনীর সঙ্গে লড়ছিল বলে জানিয়েছে ইউক্রেইন সেনাবাহিনী।

দক্ষিণেও একটি অঞ্চলে বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে পিছু হটেছে ইউক্রেইনের সেনারা। সেখানেও বিদ্রোহীরা রাশিয়ার সশস্ত্র যানের সহায়তা নিয়ে লড়াই করেছে বলে অভিযোগ কিয়েভ এবং এর মিত্র পশ্চিমা দেশগুলোর। এ পরিস্থিতিতে ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর উপর পর্যায়ে রদবদলের ঘোষণা দিয়েছেন পোরোশেঙ্কো।