সংসদের চলতি অধিবেশনে বিচারপতিদের অপসারণসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হবে। গতকাল সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, আবুল হাসানাত আবদুল্লাহ, মঈন উদ্দীন খান বাদল। বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বিল উত্থাপিত হলেই পাস হবে।
প্রস্তাবিত এই সংশোধনীতে বিচারপতিদের অপসারণসংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান বাতিল করা হয়েছে। পরিবর্তে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চলতি অধিবেশনেই সংবিধান বিল উত্থাপন ও পাস হবে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সংসদের কার্য-উপদেষ্টা কমিটি তৃতীয় অধিবেশন ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে মোট ১৪ কার্যদিবস অধিবেশন বসবে। প্রতিদিন বিকেল পাঁচটায় অধিবেশন বসবে। তবে স্পিকার প্রয়োজন মনে করলে সময়সীমা বাড়াতে বা কমাতে পারেন।
