সোনা দিয়ে বানানো ট্রলির রড

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ০০:৫১

সোমবার দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়েছে। স্ক্যানিং মেশিনে দিয়ে দেখা যায় এর ভেতরের রডগুলো সোনা দিয়ে তৈরি।

বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের ধারণা, চার কেজি সোনা অভিনব এ কায়দায় দেশে পাচারের চেষ্টা করা হয়েছিল। বিমানবন্দরের গ্রিন চ্যানেলের স্ক্যানিং মেশিনের পাশে ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বেলা ১১টার দিকে ফ্লাই দুবাই এয়ারলাইনসের উড়োজাহাজে করে একটি ট্রলি ব্যাগের ভেতর এ সোনা দেশে আসে। পাচারকারীদের কেউ ধরা পড়েনি। তবে ব্যাগটির গায়ে লাগানো ট্যাগে কৃষ্ণ কুমার ঘোষ নাম লেখা রয়েছে।
শুল্ক কর্তৃপক্ষের দাবি, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগ ও এর বহনকারীকে আটকের জন্য বিমানবন্দরে অভিযান চালানো হচ্ছিল। অভিযানের বিষয়টি আগে থেকে টের পেয়ে বহনকারী ব্যাগটি স্ক্যানিং মেশিনের পাশে ফেলে পালিয়ে গেছেন।
আটক হওয়া সোনার বাজারমূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা।