পুলিশের সঙ্গে টহল দেয়ার সময় শটগানের গুলিতে আহত হয়েছেন এক আনসার সদস্য। পুরান ঢাকার বংশালের আরমানিটোলায় সোমবার বিকালে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আনসার সদস্য মো. আনিস মিয়াকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির সাংবাদিকদে জানিয়েছেন, তিন পুলিশ সদস্যদের সঙ্গে আনিস মিয়াও আরমানিটোলায় কর্তব্যে নিয়োজিত ছিলেন। বিকালে তাদের দলটি তিন আরোহীসহ একটি মোটর সাইকেল থামায়। এতে আরোহীরা ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে এবং পুলিশকে লাঞ্ছিত করেন। পুলিশ আব্দুল্লাহ আল নোমান নামে এক যুবককে আটক করে। তখন বাকি দুই আরোহী লোকজন জড়ো করে পুলিশের রিকুইজিশন করা গাড়ি ভাংচুর এবং নোমানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হলে এক পুলিশ সদস্যের শটগান থেকে এক রাউন্ড গুলি বের হয়ে আনিস আহত হন। গুলি আনিসে ডান পায়ের হাঁটুতে লাগে।
পুলিশ নোমান নামের যুবককে গ্রেপ্তার করেছে এবং এএসআই মোস্তফা বাদী হয়ে নোমান, জোবায়ের ও অজ্ঞাত একজনসহ তিনজনের নামে থানায় মামলা করেছেন।
