কাহালুতে ছুরিকাঘাতে কলেজ শিক্ষক খুন

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৪২

বগুড়ার কাহালু উপজেলার শেষ সীমান্তে ও বগুড়া জেলা সদরের কাহলা নামক এলাকায় আজিজুর রহমান(৪৫) নামে এক কলেজ শিক্ষক ছুরিকাঘাতে খুন হয়েছেন। আজিজুর পৌর এলাকায় অবস্থিত ভিডিএমএস'র নির্বাহী পরিচালক পাশাপাশি মানবাধিকারের কাজ করতেন। তিনি বগুড়া জেলা সদরের হাজরাদিঘি স্কুল এন্ড কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
জানা গেছে, আজ মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে আজিজুর কাহালুর দরগাহাট-নুনগোলা সড়ক দিয়ে কলেজে যাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া সদরের কাহলা মাঠ এলাকায় পৌঁছালে একটি কালো মাইক্রোবাস তার পথরোধ করে। এ সময় দুইজন ওই বাস থেকে নেমে তাকে ছুরিকাঘাতের পর মৃত্যু নিশ্চিত করে ওই মাইক্রোবাসে করেই স্থান ত্যাগ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজিজুরের মৃতদেহ বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। আজিজুর বাংলাদেশ মানবাধিকার কমিশন কাহালু উপজেলা শাখার সভাপতি ছিলেন। আজিজুর কাহালু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার পাশে কাহালু পৌর পাড়া নামক গ্রামে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ছাইপাড়া গ্রামে এবং পিতার নাম মৃত নজাবত আলী।