সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানুর মেহেরপুর শহরের বাসায় দিন-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল এগারটার দিকে বাসার তালা ভেঙ্গে সাড়ে ১০ ভরি সোনার গয়না লুটে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মেহেরপুর শহরের মল্লিক পাড়ার রানা মিয়া (২৫) ও গোরস্থানপাড়ার ওয়াসিমকে (২৬) আটক করেছে পুলিশ।
মহিলা এমপি সেলিনা আখতার বানু জানান, সকালে তার বাড়ির লোকজন বাইরে গেলে চোর চক্র হানা দেয়। শয়ন কক্ষের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় সাড়ে ১০ ভরি সোনার গয়না লুট করে পালিয়ে যায়।
সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পাশপাশি গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ।
