সাগর-রুনি হত্যা মামলা

তানভীরের জামিন আবেদনের শুনানি গ্রহণে হাইকোর্টের অপরাগতা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫৩
 
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার আসামি তানভীর রহমানের জামিন চেয়ে করা আবেদনের ওপর শুনানি গ্রহণে অপরাগতা প্রকাশ করেছে হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের ডিভিশন বেঞ্চে জামিন আবেদনটি শুনানির জন্য পেশ করা হয়। কিন্তু  বেঞ্চের একজন বিচারক ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে আবেদনের শুনানি গ্রহনে অপরাগতা প্রকাশ করেন।
আবেদনকারীর আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক রেজাউল হক ব্যাক্তিগত অসুবিধার কথা জানিয়ে আবেদনের শুনানি গ্রহন করেননি। এখন আবেদনটি শুনানির জন্য অন্য বেঞ্চে নিয়ে যাওয়া হবে।
গত ৯ ফেব্রুয়ারি তানভীর রহমানের বাবা জামিন বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনে আবেদন করেন। এরপর গত ১৩ জুলাই তানভীরের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। ওই দিন হাইকোর্টের একটি রিট বেঞ্চ শুনানির এখতিয়ার সম্পন্ন কোনো বেঞ্চে আবেদন করতে বলেন। এর ধারাবাহিকতায় বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আবেদনটি দাখিল করা হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাগর-রুনি দম্পত্তির লাশ উদ্ধতার করে পুলিশ। এই ঘটনায় করা মামলায় ২০১২ সালের ১ অক্টোবর তানভীর রহমানকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন।
 
ইঅ/চৌফে/শ১৮৬