বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা মামলার আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯জন পলাতক রয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
বেগম উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সংসদকে জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার দুটি মামলায় ৪৯১ জনকে সাক্ষী করা হয়েছে। মামলা দুটি দ্রুত বিচারের জন্য ২০১১ সালের ৮ সেপ্টেম্বর থেকে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। চলতি বছর ২৫ আগস্ট পর্যন্ত একশ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। এসব মামলায় ২৫ জন জেল হাজতে আছেন।
১১ মামলায় ২০ প্রসিকিউটর
বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সংসদকে জানান, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারে গঠিত আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে ১১টি মামলার বিচারকাজ চলছে। এসব মামলা পরিচালনায় প্রসিকিউটর হিসেবে কর্মরত আছেন ২০ জন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এবং ২ গঠন হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৩০ জনকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়। তাদের মধ্যে ২০ জন প্রসিকিউটর বর্তমানে কর্মরত আছেন এবং বাকি ১০ জন ট্রাইব্যুনালের কাজের সঙ্গে জড়িত নেই।
দুটি বিল উত্থাপন
সংসদের গতকাল দুটি বিল উত্থাপন হয়েছে। ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোঁরা বিল, ২০১৪’ উত্থাপন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য বিলটি ওই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এছাড়া ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০১৪’ উত্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য বিলটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
