বকশী বাজারে আলীয়া মাদ্রাসায় ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, গুলি

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ২১:৪২
 
 
 
 
রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টায় ক্যাম্পাসে আল্লামা কাশগীরী হলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুরে সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন ফাজিল প্রথম বর্ষের ছাত্র রুহুল কাদের নোমান, সাইফুল ইসলাম ও ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথমবর্ষের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান। আহতদের সবাই ছাত্রলীগ কর্মী।
হাসপাতালে ভর্তি আহতরা জানিয়েছেন, আধিপত্য বিস্তার কেন্দ্র করে সরকারি আলীয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম ও সম্পাদক রাকিব হোসেন গ্রুপের নেতা কর্মীদের সঙ্গে সাবেক কমিটির সভাপতি সাহাদাত হোসেন ও সম্পাদক মহসিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে।
চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, হল দখলকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রলীগের সাবেক সম্পাদক মহসিন গ্রুপ ও বর্তমান সম্পাদক রাকিব গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এত তিন ছাত্র আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।
 
ইঅ/চৌফে/শ১৭৪