বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শনে বিএনপির ৭টি টিম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৪, ২২:৪২
 
দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যাজনিত প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবনহানি এবং বসতবাড়ি, গবাদিপশু, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতিতে উপদ্রুত জেলাগুলো পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণের জন্য ৭টি টিম গঠন করেছে বিএনপি। কেন্দ্রীয় সিনিয়র নেতাদের দলনেতা করে গঠিত ৭টি প্রতিনিধি দল বন্যাদুর্গত জেলাগুলো সফর করবেন।
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন টিম সফর করবে সিরাজগঞ্জ ও বগুড়ার বন্যা কবলিত এলাকা।
ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বাধীন টিম সফর করবে জামালপুর। গাইবান্ধা সফরে যাবে চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বাধীন টিম।
টাঙ্গাইল সফর যাওয়া দলের নেতৃত্ব দেবেন যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু। এছাড়া কুড়িগ্রাম সফরে যাওয়া টিমের নেতৃত্ব দেবেন সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও লালমনিরহাট সফর করবেন ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সৈয়দ মেহেদী আহমেদ রুমীর নেতৃত্বাধীন টিম।