টিকলু ভাই ইউটিউব সেলিব্রিটি থেকে এখন নাম করা স্টার। নারীজাতির ক্রাশও তিনি। সম্প্রতি ফেসবুক থেকে প্রিন্ট মিডিয়া/ইলেকট্রনিক মিডিয়া পর্যন্ত তাকে নিয়ে মাতামাতি শুরু করেছে। ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে একসময় টিভি পর্দায়ও কাজ শুরু করে দেন তিনি। তবে সবচেয়ে বেশি তিনি নারীজাতির ক্রাশ হিসেবেই পরিচিত। সম্প্রতি ব্যস্ত টিকলু ভাইকে নিয়ে মিডিয়া ভালো লেখালিখি করছে। আর এই অতি খ্যাতি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। টিকলু ভাইয়ের প্রধান ইনকাম ইউটিউব। আর কাল সন্ধ্যার পরপরই তার ইউটিবের সাবস্ক্রাইব সংখ্যা কমতে থাকছে। এমন দুর্ঘটনা ঘটেছে কাল বিকেলে। দুপুরে তার ফোনে কয়েকবার এক সাংবাদিক ফোন করে ইন্টারভিউ নিতে। একটু ভাব নিয়ে তিনি ব্যস্ততা দেখান। এরপর বিকালে আবার ফোন করায় ধরেন।
—ভাই, কেমন আছেন?
—ভালো না, খুব ব্যস্ত।
—এখন কি ফ্রি ভাই? একটু ৫-৬টা প্রশ্ন করতাম, সরাসরি তো আপনাকে পাওয়াই যায় না।
টিকলু ভাই তখন যদিও ফ্রি। তারপরও একটু ভাব মারলেন, ‘না ভাই। বিয়ের সাজ সাজতেছি।’
সাংবাদিক আর তেমন প্রশ্ন না করেই কেটে দিলেন। কারণ, ভালো একটা নিউজ পেয়েছেন তিনি। আর সময় নষ্ট না করেই ‘আজ গোপনে বিয়ে করছেন টিকলু’ শিরোনামে অনলাইনে নিউজে ছেড়ে দিলেন।
আর এই নিউজ দেখেই টিকলু ভাইয়ের ইনকাম সোর্স ক্রাশ খাওয়া মেয়েগুলো হতাশ হয়ে আনসাবস্ক্রাইব করা শুরু করে দিলেন। সেই সঙ্গে আইডিতে রিপোর্ট। তাই অল্প সময়ে আইডিটিও উড়ে যায়।
যদিও টিকলু ভাইয়ের বিয়ের কোনো প্ল্যান নেই। সন্ধ্যায় বিয়ে নিয়ে একটু শুটিং আছে টিকলু ভাইয়ের। সেই প্রস্তুতির কথাই তিনি বলছিলেন, যদিও সাংবাদিক পুরো কথা না শুনেই লাইন কেটে এই অঘটনটা ঘটিয়েছেন।
বর্তমানে টিকলু ভাই দারুণ যন্ত্রণায় আছেন। শুধু ফ্যান কমে যাওয়া নিয়ে নয়, নিউজটি পড়ার পর তার গার্লফ্রেন্ডের রিঅ্যাকশন নিয়েও ঝাল-মিষ্টি যন্ত্রণায় কাটছে তার। সাংবাদিকের সেই নিউজ স্ক্রিনশট আকারে তার জিএফের মেসেঞ্জারে স্টক হয়েছে, যার সাইড ইফেক্ট হিসেবে জিএফ কর্তৃক তার ওপর হুমকি-ধামকি চলছে।
