কুমিল্লায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবর্ষণ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ১৬:১৭
কুমিল্লা সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। 
কলেজের ছাত্রলীগ নেতা আব্দুল হাদি জানান, কলেজের অনার্স ভবনের থিয়েটারে একটি অনুষ্ঠান চলছিল অনুষ্ঠান চলাকালে ছাত্রলীগ নেতা শিপন গ্রুপের প্রায় ৩০/৩৫ জন কলেজ ক্যাম্পাসে ঢুকে প্রায় ৮/৯ রাউন্ড গুলিবর্ষণ করে এবং পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। তবে এ বিষয়ে শিপন গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন জানায়, এই ঘটনায় কলেজ ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সামসুজ্জামান জানান, কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।