হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫ জনের যাবজ্জীবন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৫০
 
 
নোয়াখালীতে লেবার সর্দার ও বর্গাচাষী রুহুল আমিন হত্যা মামলায় বাবা-ছেলেসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আজ বুধবার জেলা ও দায়রা জজ মোঃ আবদুল কুদ্দুস মিয়া এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল হাসেম ও তার ছেলে নুরনবী, আবুদল হক ও তার ছেলে মোঃ রাসেল এবং আবদুর রহিম।
মামলার বিবরণে জানা যায়, জমি সংকান্ত বিরোধ ও মামলায় সাক্ষী দেয়ার জের ধরে ২০০৯ সালের ১ জানুয়ারি রাতে কবিরহাট উপজেলার নলুয়ার ল্যাংড়ার দোকানের পাশে রুহুল আমিনকে লাথি মেরে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর দিন নিহতের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে পাঁচজনের একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে পিপি এটিএম মহিব উল্ল্যাহ ও আসামির পক্ষে অ্যাডভোকেট পলাশ চন্দ্র সাহা মামলা পরিচালনা করেন।