মানিব্যাগের স্বাস্থ্য

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৮

—এই শুনছ? তুমি এখনো ঘুমাচ্ছ?

—শুনছি। হুম, ঘুমাচ্ছি।

—হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।

—সেটা আবার কী?

—মানে কী? ফাজলামোর একটা সীমা আছে। আজকের দিনটাতেও তুমি এমন ফাজলামো করতে পার?

আমার বউ অর্পিতা এবার সত্যিই রেগে গেল। তাই আমি ভয়ে ভয়ে বললাম, ‘কী হয়েছে? বল।’

—উঠবে কখন? ৯টা বাজে।

—হুম, উঠব। আর মাত্র ২ ঘণ্টা। ঠিক ১১টার সময় উঠব।

—তুমি এমন কেন? আজ মানুষ এই দিনটাকে কত ভাবে পালন করবে, কত জায়গায় ঘুরবে, কত রকমের খাবার খাবে। আর তুমি...? এই চলনা আজ কোথাও থেকে ঘুরে আসি।

বউয়ের এমন কথা শুনে আমার প্রেসারটা বেড়ে গেল। মনে মনে সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক বউয়ের এই ফালতু চিন্তাটাকে মাথা থেকে নামাতে হবে। আর বেশিদূর এগুতে দেওয়া যাবে না। আজকাল কোথাও ঘুরতে যাওয়া মানেই তো, ‘ডেটিং সিটিং মিটিং ইটিং’ করে পকেটের কাটিং করা।

মানিব্যাগটার দিকে একবার আড়চোখে তাকিয়েই মনটা দারুণ খারাপ হয়ে গেল। আহারে! মানিব্যাগটার স্বাস্থ্যটা এখনো ভালো আছে। মানিব্যাগের স্বাস্থ্যের স্বার্থে আমাকে যে করেই হোক বউকে বুঝাতে হবে যে, ভ্যালেন্টাইনস ডেতে ঘুরাঘুরি করা একদম ভালো নয়। বউকে বললাম, ‘শোনো, তোমার কথাই মেনে নিলাম। আমরা আজ দিনটাকে ভিন্নভাবে পালন করব। তুমি একটা কাজ কর, আমার পাশে এসে শুয়ে পড়। তারপর আমরা স্বপ্নের মধ্যে রমনা পার্ক, ধানমন্ডি লেক, জিয়া উদ্যান ঘুরে আসব। সময় থাকলে না হয় যমুনা ফিউচার পার্কেও যাব। তুমি কী বল?

—থাক আর বলতে হবে না। তুমি কোথাও যাবে না, সেটা সোজাসুজি বললেই হতো। এত ন্যাকামি করার কী আছে?

বউ আবারও রেগে গেল। কিন্তু আমি চেষ্টা চালিয়ে গেলাম। বললাম, ‘না মানে, রাস্তায় তো এমনিতেই অনেক জ্যাম লেগে থাকে। তাছাড়া আজ আরও বেশি জ্যাম পড়বে।’

—জ্যাম তাই না? আজ বাসাতেই জ্যাম শুরু হয়ে যাবে। তোমার সাথে একটা গ্যাঞ্জাম না করলে তুমি ঠিক হবে না। এর শাস্তিস্বরূপ, আজ বাসায় সকল ধরনের খাওয়া-দাওয়া বন্ধ।

—না, এ রকম কর না। একটা নিষ্পাপ, অবুঝ ছেলে ঘরের এক কোণে না খেয়ে থাকবে—এটা বিশ্বের ভালোবাসা প্রেমী মানুষ কখনই মেনে নিবে না। এটা অন্যায়, এটা অমানবিক।

কিন্তু বউ আমার কোনো কথাই কর্ণপাত করল না। বরং আমার পছন্দের সব কিছু আছার মেরে ভেঙে ফেলতে লাগল। আমি বাধা দেওয়ার চেষ্টা করতেই সে আমার মানিব্যাগটা আমার হাত থেকে কেড়ে নিল। যখন মানিব্যাগটা ফেরত পেলাম, তখন মানিব্যাগের স্বাস্থ্য বলতে আর কিছুই অবশিষ্ট রইল না!

খিলক্ষেত, ঢাকা