দেশের সকল প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামি ৭২ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও মেঘনা নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। এছাড়াও ঢাকা শহর সংলগ্ন নদ-নদী বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও টঙ্গি খালের পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। বুধবার সকাল ছয়টার তথ্য অনুযায়ী, নদ-নদীর ১০টি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামি ৪৮ ঘন্টায় বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর এবং মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৭টি স্থানে পানি বৃদ্ধি ও ৭২টি স্টেশনের পানি হ্রাস পেয়েছে। একটি স্থানে অপরিবর্তিত রয়েছে। তিনটি স্থানের তথ্য পাওয়া যায়নি। ১০টি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
