প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সম্প্রচার নীতিমালার কারণে গণমাধ্যম দায়িত্বশীল হবে।’ বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কুমিল্লা-৮ আসনের জাতীয় পার্টির (জাপা) নূরুল ইসলাম মিলনের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় সকল অংশীজনদের সাথে নিয়ে আলোচনার মাধ্যমে জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালাটির খসড়া ২১ দিন তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রদর্শিত হয়। এখন সমালোচকরা যেসব প্রশ্ন উত্থাপন করছেন, সেসব প্রশ্ন নীতিমালার খসড়া চূড়ান্ত করার সময় উত্থাপন করা হয়নি।
তিনি বলেন, সরকার জনসাধারণ ও সম্প্রচার মাধ্যমে কল্যাণের জন্য নীতিমালাটি প্রণয়ন করেছে। বিগত কয়েকটি সরকারের আমলে নীতিমালাটি প্রণয়নের জন্য সম্প্রচার সেক্টর থেকে দাবি উঠেছিল। এজন্যই নীতিমালাটি করা হয়েছে।
তিনি আরও বলেন, এই নীতিমালার ধারাবাহিকতায় একটি ‘স্বাধীন সম্প্রচার কমিশন’ গঠনের জন্য আইন প্রণয়নের কাজ চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই পরামর্শ দিতে পারেন, যাতে নীতিমালায় কোনো অসম্পূর্ণতা থাকলে আইনের মাধ্যমে তা পূরণ করা যায়। আমরা বিশ্বাস করি এই নীতিমালা জারির ফলে আমাদের গণমাধ্যম অধিক দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশকে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে নিতে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।
