ইউক্রেনে আগস্ট মাসের গোড়া থেকে নিখোঁজ রুশ ফটোসাংবাদিক আন্দ্রেই স্টেনিনের (৩৩) মৃতদেহ পাওয়া গেছে। তিনি বার্তা সংস্থা রিয়া-নভোস্তিতে কাজ করতেন। বুধবার সংস্থাটি এ কথা জানায়।
সংস্থা প্রধান দিমিত্রি কিসেলেভ বলেন, ‘আমাদের সহকর্মী, ফটোসাংবাদিক আন্দ্রি স্টেনিন মারা গেছেন। তার মৃতদেহ দেখে প্রতীয়মান হচ্ছে যে তিনি বন্দি ছিলেন না। এক মাস আগেই তিনি মারা যান।’
কিসেলেভ আরো বলেন, ‘তার গাড়িতে গুলি লাগলে সেটিতে আগুন ধরে যায়। দোনেতস্কের কাছের একটি রাস্তায় এ ঘটনা ঘটে।’
ইউক্রেনের পূর্বাঞ্চলের এ এলাকাটি বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে পরিচিত।
রাশিয়া আগস্ট মাসের মাঝামাঝি ওই ফটোসাংবাদিকের নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত শুরু করে। ইউক্রেন কর্তৃপক্ষ তাকে ধরে নিয়ে যায় বলে রাশিয়ার বিশ্বাস। খবর এএফপি’র। ১৪ মে থেকে স্টেনিন ইউক্রেনে অবস্থান করছিলেন।
জুন মাসে ইউক্রেনে তিন রুশ সাংবাদিক নিহত হয়। মে মাসের শেষ দিকে ইতালির এক ফটোসাংবাদিক ও তার রুশ সহযোগী নিহত হয়।
